×

যুক্তরাষ্ট্র

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

ফাইল ছবি

ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করে সেনা অভিযান থেকে সরে আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে পুতিনকে ‘বন্ধু’ বলে অভিহিত করার পর এবার রুশ নেতার প্রতি কিছুটা ভিন্ন সুরে কথা বললেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি রুশ প্রেসিডেন্টকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করতে বলেছেন। তার আশা, এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে।

এর এক দিন আগে ফ্লোরিডায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতিতে ইউক্রেন যুদ্ধের বিস্তার না ঘটাতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করার আশাতেই তিনি পুতিনকে এ আহ্বান জানিয়েছেন। তার বিশ্বাস, এমন একটি চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্প কোন কোন ভূখণ্ডের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করেননি তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ চলছে।

রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইউরোপের দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহে ন্যাটোর সদস্য পোল্যান্ডে রাশিয়ার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনাও রয়েছে।

বুধবারের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ইউক্রেন যুদ্ধের বিস্তার ঘটাতে পারে—এমন কোনো পদক্ষেপ রাশিয়ার নেওয়া উচিত নয়। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে, যুদ্ধের পরিধি বাড়ানোর মতো কর্মকাণ্ড এড়িয়ে চলার গুরুত্ব নিয়ে তারা আলোচনা করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালালে ট্রাম্প কিয়েভের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার রাশিয়াকে সামরিক তৎপরতা সীমিত করার আহ্বান জানালেও ইউক্রেনের প্রতি একই ধরনের সংযম দেখানোর আহ্বান জানাননি তিনি।

বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগামী মাসে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন আসবেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে পুতিন আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App