ক্রিকেটার যশস্বীর সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে দুজনকে একই সময়ে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে সেই জল্পনায় এবার সরাসরি পানি ঢেলে দিয়েছেন মৃণাল নিজেই।
সম্প্রতি ওই ক্যাফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর কয়েকটি ফ্যান পেজে দাবি করা হয়, মৃণাল ও যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি মৃণালের নজরেও আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে চলা আলোচনা দেখে একটি পোস্টের মন্তব্যে অভিনেত্রী স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান। তিনি প্রশ্ন তোলেন, তাদের একসঙ্গে কোথায় দেখা গেছে এবং কীভাবে এমন গুঞ্জন ছড়ানো হচ্ছে। একই সঙ্গে যাচাই না করা তথ্যকে সত্য ধরে নেওয়ার প্রবণতা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
মৃণাল শুধু নিজের সঙ্গে যশস্বীর প্রেমের গুঞ্জন অস্বীকার করেই থেমে থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, সে বিষয়েও নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে, দেশে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। তাই ভিত্তিহীন গুজব ছড়ানোর পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বা কনটেন্ট তৈরি করা হলে তা মানুষের জন্য বেশি উপকারী হতে পারে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে।

মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী। অনেকেই তাঁর সরাসরি ও রসিক জবাবের প্রশংসা করেছেন। তবে তাঁর বক্তব্যের পর আপাতত এটুকু স্পষ্ট যে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কোনো নিশ্চিত তথ্য নেই।

এর আগে দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে নানা দাবিও করা হয়। একপর্যায়ে ১৪ ফেব্রুয়ারি তাঁদের গোপনে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ে। তবে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনো ঘটনা ঘটেনি। পরে মৃণাল একাধিকবার ধনুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করেন।

কাজের দিক থেকে মৃণাল ঠাকুরকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবিতে। তাঁর হাতে রয়েছে ‘পূজা মেরি জান’ ছবিটিও। হুমা কুরেশির সঙ্গে অভিনীত এই কোর্টরুম ড্রামাটি জি ফাইভে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো ছবিটির নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
