আবারও প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলি খান, নেপথ্যে কে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
বলিউড অভিনেতা সাইফ আলি খান। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দীকী হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক জিশান আখতার এই হুমকির পেছনে থাকতে পারেন। তবে সত্যিই আখতার এ ঘটনার সঙ্গে জড়িত, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে তারকাদের হুমকি দিচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে বলিউড অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাও একই ধরনের হুমকি পেয়েছিলেন। ওই দুই ঘটনায় বৈভব মিশ্র নামে ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বেঙ্গালুরুর এই আইআইটি স্নাতকের সঙ্গে কোনো অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি তারকাদের হুমকি দিয়েছিলেন।
এদিকে সইফকে হুমকি দেওয়ার ঘটনায় জ়িশান আখতারের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে অন্য কেউ আখতারের পরিচয় ব্যবহার করে তারকাদের ভয় দেখাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি সইফ আলি খান।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে নিজ বাড়িতে ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন সইফ। রাত প্রায় ২টার দিকে এক ব্যক্তি তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গলা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান অভিনেতা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়েছিল তার। সেই ঘটনার পর আবারও প্রাণনাশের হুমকির খবর সামনে আসায় উদ্বেগ প্রকাশ করছেন অভিনেতার অনুরাগীরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় নিজের ছেলে জিশান সিদ্দীকীর কার্যালয়ের বাইরে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দীকী। তিন আততায়ী তাকে গুলি করে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের তদন্তে জ়িশান আখতারের নাম উঠে আসে। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।
