×

রাজধানী

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : সংগৃহীত

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন ঘিরে অভিযান চালিয়ে পাঁচটি শক্তিশালী হাতবোমাসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলে সাভার মডেল থানা পুলিশ ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে রাত ১০টার দিকে ভবনটিতে অভিযান শুরু করা হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, ভবনটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, কয়েক দিন আগে ওই এলাকায় পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ একজনকে আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবারের অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়িটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ওসি জানান, অভিযানের সময় বাড়ির একটি কক্ষে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা পাঁচটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো শক্তিশালী হাতবোমা বলে নিশ্চিত হওয়া যায়। এ ছাড়া গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম থাকার তথ্যও পাওয়া গেছে।

বোমা উদ্ধারের পর বাড়ির বাসিন্দা ও আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বোমা ও অন্যান্য বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে বাড়িটি ভাড়া নিয়ে বিস্ফোরক মজুতের ঘটনায় জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App