সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহরিয়ার মাহমুদকে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন শাহরিয়ারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে শনিবার রাতে হামলার ঘটনা ঘটে। ওই বিরোধের সূত্র ধরেই শাহরিয়ার হামলার পরিকল্পনা করেন বলে পুলিশ দাবি করেছে।
মামলার এজাহারে শাহরিয়ারকে ৬০ বছর বয়সী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় থাকেন। মামলার বাদী নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। মামলায় ১৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্পে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মামলার তদন্তে হামলায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামতও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে হামলা ও ভাঙচুর চলে। সালমান মুক্তাদিরের স্টুডিওও এ সময় ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালায়।
হামলার পর সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান। তাঁর দাবি, স্টুডিওতে ক্লায়েন্টদের ফুটেজ ও শুটিংয়ের সরঞ্জাম ছিল, যা ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজেও সমস্যা তৈরি হয়েছে। তিনি হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগও তোলেন।
তবে পুলিশ প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের যোগসূত্রের কথা বলছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিউ গিনি প্রপার্টিজ ও পাশের জমির মালিকদের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে। হামলার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সালমান মুক্তাদির নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ব্রাউনফিশ স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। হামলার সময় স্টুডিওর বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
