সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. ইদ্রিস মেম্বার (৪৫) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস মেম্বার সদর ইউনিয়নের সদস্য এবং দিলালপুর গ্রামের শামসুল হকের ছেলে। অপর গ্রেপ্তার দেলোয়ার হোসেন নাগেরকান্দি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পুলিশের একটি দল সোমবার ভোররাতে সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইদ্রিস মেম্বার ও দেলোয়ার হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
