মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক
৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে বহুল প্রতীক্ষিত মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। ইলিয়টগঞ্জ-মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর (জেড-১০৪২) সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী সড়ক উন্নয়নকাজে অনিয়ম, চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে কোনো ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায়, হাত কেটে দেবেন। পাশাপাশি সড়কের উন্নয়নকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, মুরাদনগরের যতগুলো সড়ক ও জনপথের রাস্তা আছে, শুধু কোম্পানীগঞ্জ-নবীনগর রাস্তা ছাড়া সবগুলো রাস্তা আল্লাহ পাক আমার হাত দিয়ে সড়ক ও জনপথের আওতায় এনেছেন। তাছাড়া শুধু সড়ক ও জনপথের রাস্তা নয়, এলজিইডির বড় বড় রাস্তাগুলোও আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। তিনি আরও বলেন, আমি চাই দুর্নীতিমুক্ত, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি চাই এমন একটি মুরাদনগর, যে মুরাদনগর সাধারণ ও গরিব মানুষ সবার মুরাদনগর হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মোল্লা, বিএনপি নেতা শরীফ আহমেদ মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপি নেতা মো. মাহমুদ, মারফত আলী, ওমর ফারুক সোহাগ, মো. আলী, ইকবাল হোসেন, ঠিকাদার দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
