সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
ফাইল ছবি
সড়ক অবরোধের কারণে রাঙামাটির সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত দুইবারের পরিবর্তে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলবে। এর মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরতে পারবেন এবং নতুন পর্যটকেরাও সেখানে যেতে পারবেন বলে আশা করছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক বলেন, অবরোধের কারণে নিয়মিত দুইবারের পরিবর্তে দুপুর ২টায় একবার স্কর্ট চলবে। ওই স্কর্টের মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরতে পারবেন। পাশাপাশি নতুন পর্যটকেরাও সাজেকে যাওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন তাজমিন
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকেরা।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
