×

জাতীয়

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ খাত একসময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার।’

তিনি বলেন, দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে এ খাতের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নতুন নতুন বাজার সম্প্রসারণের ওপর জোর দিতে হবে।

তারেক রহমান বলেন, অচিরেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সুযোগ পাবে।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে উন্নত জাতের পশুপালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের অর্থনীতিতে পোলট্রি শিল্পের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন। তাঁদের ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালনের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপাখির চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জনের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্‌যাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App