লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ইইউজেড২২২ নম্বর ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতির মুখে স্বেচ্ছায় দেশে ফিরছেন তারা।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস।
