চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আগুন জ্বলে ওঠার পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় দুর্বৃত্তরা। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানালেন স্থানীয়রা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বললেন, ‘জুলাইকে ধারণ করেই আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আহ্বান, দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ছাত্রদলের পক্ষ থেকেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহযোগিতা করা হবে।’
চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বললেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
