আখাউড়া
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুল। বিদ্যালয়টির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও জুনিয়র মেধাবী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শশাঙ্ক রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার সামাজিক ও সামগ্রিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একটি স্বতন্ত্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। সেই প্রয়োজনীয়তা থেকেই মোগড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের যাত্রা শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
তারা আরও বলেন, মোগড়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে মোগড়া কর্নেল বাজার প্রধান সড়কের পাশে মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নসহ আশপাশের এলাকার মেয়েদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে নারী শিক্ষার প্রসার এবং শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
এদিকে, বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় জুনিয়র মেধা পরীক্ষা। অনুষ্ঠানের আগে আখাউড়া উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। পরে অনুষ্ঠানে নির্বাচিত ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে আখাউড়ার মোগড়া ও মনিয়ন্দ এলাকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মানসম্মত শিক্ষা ও যোগ্য শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুল অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
