গণহত্যা মামলার আসামি বৈশাখী টেলিভিশনের ডিএমডি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক গণহত্যা মামলার আসামি টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। শনিবার ( ২১ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেলে একদল দুর্বৃত্ত টেলিভিশনটির কার্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা কর্মীদের ওপরও হামলা করে। এতে কয়েকজন আহত হন। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।
বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।
লাইভে ওই সাংবাদিক আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।
লাইভ থেকে তিনি বলেন, নিচে এখনও তারা আছে এবং বাইরে থেকে তারা গেট ভাঙার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচে আছে। আশা করি, খুব দ্রুত এর সমাধান হবে। আমরা অনেকে আটকা আছি। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা। লাইভের শেষ দিকে সাংবাদিকদের একজন বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’
