বৈষম্যহীন দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিলেন যশোরের ছাত্র-জনতা
জিয়াউর রহমান রিন্টু, যশোর শহর প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যহীন ও দুনীর্তিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন যশোরের ছাত্র-জনতা। বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে এই শপথ নেন তারা। শপথ বাক্য পাঠ করান সংগঠনটির যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক রাশেদ খান।
এর আগে দুপুর থেকে বাস, ট্রাক, পিকআপে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-জনতা সমাবেত হয় টাউন হল ময়দানে। ছাত্র-জনতাকে হাতে বা মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে সমাবেশে অংশ নিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক রাশেদ খান বলেন, ছাত্ররা ঘুনে খাওয়া রাষ্ট্রকে সংস্কার করতে এসেছে। ভাঙতে আসি নাই। সমাজে সমস্ত বৈষম্য দূর করতে চাই। ধর্ম, ধনী- গরিবের বৈষম্য দূর করতে চাই। সমাজে সব বৈষম্য, দুনার্তিমুক্ত না হওয়া পর্যন্ত ছাত্রদের এই আন্দোলন চলবে।
তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাই, তাদের বিরুদ্ধে আবারো ছাত্র-জনতা রুখে দেবে। আমাদের বিপ্লব ছিল দুনীর্তি, শোষণের বিরুদ্ধে। যারা প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন তারা কাপুরুষ। মনে রাখবেন রাজপথ দখলে থাকে সাহসীদের। আপনারা তো রাজপথ থেকে পালিয়েছেন। আপনাদের রাজপথ কখনো ছিল না, কাপুরুষদের থাকবেও না।
সমন্বয়ক বলেন, যশোর থেকে শুরু হবে দুনীর্তি, বৈষম্য বাংলাদেশ গড়ার কাজ। প্রতিটি সরকারি দপ্তরে ছাত্র-জনতা বৈষম্য ও দুনীর্তি প্রতিরোধে কাজ করবে। ইতোমধ্যে ছাত্ররা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে কাজ শুরু করেছেন। বাজারদর নিয়ন্ত্রণ, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন। দুনীর্তির রন্ধ্রে রন্ধ্রে ছাত্ররা ঢুকে সিন্ডিকেট ভেঙে দেবে। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে বৈষম্য দূর করার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই জীবন বাজি রাখবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, জান্নাতুল ফোয়ারা অন্তরা, ইমরান খান, জেসিনা মোর্শেদ, ফরিদ হাসান প্রমুখ। মহাসমাবেশ শুরুর আগে তিন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়।
