৫৮ পদের বিপরীতে আবেদন প্রায় পাঁচ শতাধিক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে ঝালকাঠি সদর উপজেলায়।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলা পরিষদ ভবনের ছয়টি কক্ষে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় সকাল থেকেই প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পর্যায়ক্রমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন আবেদনকারীরা। যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল জনবল বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. নাইমুর রহমান জানান, ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য তথ্য সংগ্রহকারী পদে ৫৪ জন এবং সুপারভাইজার পদে ৪ জনসহ মোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় আরও ৭ জনকে রাখা হবে। দুটি পদের বিপরীতে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আবেদন করেছেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পরীক্ষা বোর্ড ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করছে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য ও দক্ষ জনবল নির্বাচন করা হচ্ছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হন।”
তিনি আরও জানান, চূড়ান্তভাবে নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে যাচাই-বাছাই সম্পন্ন করে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে।
উপজেলা প্রশাসনের আশা, দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম আরও নির্ভুল, কার্যকর ও গ্রহণযোগ্য হবে। এদিকে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া শত শত প্রার্থীর মধ্যে এখন চূড়ান্ত ফলাফল প্রকাশের অপেক্ষা বিরাজ করছে।
