পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশের কর্পোরেট ক্রিকেটের অন্যতম আলোচিত আয়োজন ‘ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন-থ্রি (কর্পোরেট)’-এর কাউন্টডাউন শুরু হয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিওতে ট্রফি উন্মোচন ও অধিনায়কদের মিলনমেলার আয়োজন করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান ঢাকা ম্যাভেরিক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্পন্সর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্রও অনুষ্ঠিত হয়।
এবারের আসরে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপার জন্য নকআউট পর্বে লড়বে দলগুলো।
আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে (বসুন্ধরা স্পোর্টস সিটি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে আগামী ১৩ নভেম্বর শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো দিনের আলোয় এবং নকআউট পর্বের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে।
ঢাকা ম্যাভেরিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদ বিন শফি বলেন, ‘ফ্রস্ট ব্লাস্ট শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কর্পোরেট বাংলাদেশের কর্মীদের একসঙ্গে মাঠে নামার উৎসব। তৃতীয় আসরে ১০টি দলের অংশগ্রহণ প্রমাণ করে কর্পোরেট অঙ্গনে ক্রিকেটের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।’
তিনি বলেন, পেশাদার মানের আয়োজন ও ক্রিকেটের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সমন্বয় করাই তাদের লক্ষ্য। টুর্নামেন্টের সঙ্গে যুক্ত স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হলো—জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গোল্ড’স জিম, কো-টাইটেল স্পন্সর সেন্ট্রাম এবং পাওয়ার্ড বাই পার্টনার ক্যাফে লিও। মিডিয়া পার্টনার হিসেবে টি স্পোর্টস ও দৈনিক বাংলা, ফ্যান এনগেজমেন্ট পার্টনার কানেক্ট এবং গিফট পার্টনার হিসেবে মুজার ঘর যুক্ত রয়েছে।
