‘ডিফেন্ডার’-এর নকশা নকল, চীনা এসইউভি ইউরোপে নিষিদ্ধ!
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
ল্যান্ড রোভার 'ডিফেন্ডার ১১০' ও বিওয়াইডির ‘টি৭’। ছবি: সংগৃহীত
গাড়ির নকশা নকলের অভিযোগে চীনা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা ল্যান্ড রোভারের জনপ্রিয় ‘ডিফেন্ডার’ মডেলের নকশা অনুকরণের অভিযোগে বিওয়াইডির ‘টি৭’ এসইউভি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে আমদানি, উৎপাদন, বিজ্ঞাপন ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের বাজারে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
গত ২০ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগ জেলা আদালতের প্রাথমিক ত্রাণ বিচারক জে বি জে হোফনাগেল এ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভারের করা জরুরি মেধাস্বত্বসংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদেশ জারির এক সপ্তাহ পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নির্দেশ অমান্য করলে বিওয়াইডিকে সর্বোচ্চ ১ কোটি ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিওয়াইডি টি৭ গাড়িটির সমতল ছাদ, বক্সি গড়ন, চারকোনা হুইল আর্চ, জানালার কাঠামো এবং পেছনের দরজার বিশেষ বডি-কালারড প্যানেলের সঙ্গে ২০২০ সালে নতুন নকশায় বাজারে আসা ল্যান্ড রোভার ডিফেন্ডারের (এল৬৬৩) নিবন্ধিত নকশার উল্লেখযোগ্য মিল রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কমিউনিটি ডিজাইন আইন অনুযায়ী, কোনো গাড়ির বাহ্যিক নকশা আগে থেকে নিবন্ধিত নকশা থেকে স্পষ্টভাবে আলাদা না হলে তা মেধাস্বত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
চীনের অভ্যন্তরীণ বাজারে বিওয়াইডির ‘ফাংচেংবাও’ সাব-ব্র্যান্ডের অধীনে গাড়িটি ‘তাই ৭’ নামে বিক্রি হয়। সাত আসনবিশিষ্ট প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এসইউভিটি ডিফেন্ডারের তুলনায় প্রায় ২০ হাজার পাউন্ড কম দামে আন্তর্জাতিক বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল বিওয়াইডির।
আদালতের এ আদেশের ফলে ইউরোপের বিভিন্ন দেশে গাড়িটির বিক্রির পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হাঙ্গেরির সেগেদ শহরে বিওয়াইডির নির্মাণাধীন কারখানায় ২০২৭ সালের শুরুতে গাড়িটির উৎপাদন শুরুর পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
অন্যদিকে, ব্রেক্সিটের পর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব আদালতের এখতিয়ারের বাইরে চলে যাওয়ায় নেদারল্যান্ডসের এ নিষেধাজ্ঞা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে কার্যকর হবে না।
গাড়ির নকশা নিয়ে দুই প্রতিষ্ঠানের এ আইনি লড়াই বাংলাদেশের অটোমোবাইল বাজারেও আগ্রহ তৈরি করেছে। দেশের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজারে বিওয়াইডি ইতোমধ্যে অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয়ভাবে গাড়ি সংযোজনের উদ্যোগও নিয়েছে। অন্যদিকে, অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে ল্যান্ড রোভার ডিফেন্ডার আভিজাত্য ও বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত।
যদিও বাংলাদেশের বাজারে বিওয়াইডি এখন পর্যন্ত মূলত সেডান ও মাঝারি আকারের এসইউভি মডেল নিয়ে বেশি সক্রিয়, তবু বিশ্ববাজারে দুই জনপ্রিয় ব্র্যান্ডের এ আইনি বিরোধ দেশের গাড়িপ্রেমী ও আমদানিকারকদেরও নজর কেড়েছে।
