টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
আব্দুল বারেক। ছবি: সংগৃহীত
নেত্রকোনার মদনে অটোরিকশা থেকে ২০ টাকা পৌর টোল আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় আব্দুল বারেক (৮৫) নামে এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বারেক ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারিয়েছিলেন। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে এক টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। আটক আতিকুল ইসলাম পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। টোল আদায়ের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় এসব টোল আদায়কারী নিয়মনীতি না মেনেই টোল আদায় করতেন।
সোমবার ময়মনসিংহ থেকে মদনে ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে টোল আদায়কারীদের সঙ্গে অটোরিকশার যাত্রীদের ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা অসুস্থ জুলাইযোদ্ধা আব্দুল বারেক ও তাঁর নাতি আরিফুল ইসলাম (২২) আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
আহত আরিফুল ইসলাম জানান, অটোরিকশাচালকের কাছে ২০ টাকা ভাংতি ছিল না। তাঁর কাছে মাত্র ৫ টাকা ছিল। পরে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টোল পরিশোধ করতে বলা হয়। কিন্তু যাত্রীদের কাছেও ভাংতি না থাকায় সমস্যা তৈরি হয়। এ সময় টোল আদায়কারীরা টাকা ছাড়া অটোরিকশা ছাড়তে রাজি হননি।
আরিফুলের ভাষ্য, পরে তিনি টোল আদায়কারীকে এক হাজার টাকার একটি নোট দেন। ওই টাকা নিয়ে টোল আদায়কারী অন্যত্র চলে যাচ্ছিলেন। এ সময় অসুস্থ বারেক অটোরিকশা থেকে নেমে টাকা ফেরত বা এ বিষয়ে জানতে চাইলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা আতিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
