×

ক্রিকেট

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দিনের শুরুতে আফগান বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গে শাদমান ইসলামের ১২৪ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। তবে মাঝের সেশনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে সেই সুবিধা অনেকটাই নষ্ট হয়। শেষ বিকেলে লিটন দাসের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে চাপে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ। নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ। মাত্র ৪১ বলে ফিফটি পূর্ণ করে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে ২৩তম ওভারে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলীখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭১ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৮৩ রান করেন এই ওপেনার।

অন্য প্রান্তে অবিচল ছিলেন শাদমান ইসলাম। মধ্যাহ্নবিরতির পর ফিফটি তুলে নেন তিনিও। তবে ৩৮তম ওভারে মোহাম্মদ সেলিম সফির শর্ট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন শাদমান। ১১১ বলে সাতটি চারে ৬৭ রান করেন তিনি।

শাদমানের বিদায়ের পরও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। ২ উইকেটে ১৮৪ রান থেকে মুমিনুল হক ও অধিনায়ক শান্ত দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ৪৮তম ওভারে মুমিনুলের বিদায়ের পরই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে।

ইয়ামিন আহমদজাইয়ের বলে রহমত শাহর হাতে ক্যাচ দেওয়ার আগে ৭০ বলে ৩৯ রান করেন মুমিনুল। এরপর একই বোলারের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন মুশফিকুর রহিম। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার।

আরও পড়ুন: দুই পেসার তিন স্পিনার নিয়ে বাংলাদেশের একাদশ

পরের ওভারেই কাইস আহমেদের গুগলিতে প্রথম স্লিপে ক্যাচ দেন শান্ত। ৪২ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

৪৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২২০ রান। সেখান থেকে মাত্র ৫ রান যোগ করতেই মুমিনুল, মুশফিক ও শান্তকে হারায় দলটি। ২২৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চা-বিরতিতে ৫ উইকেটে ২২৬ রান নিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেন ৬২ রান। ৬৭ বলে ২৪ রান করে ইসমত আলমের বলে বোল্ড হলে ভাঙে এই জুটি।

এরপর নাঈম হাসানকে নিয়ে ইনিংস এগিয়ে নেন লিটন। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ব্যাটিং করে ফিফটিও তুলে নেন তিনি। তবে ইনিংসটি আর বড় করতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

৮০তম ওভারের প্রথম বলে মোহাম্মদ সেলিম সফির বলে ইয়ামিন আহমদজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৮৯ বলে চারটি চারে ৫৩ রান করেন তিনি। একই ওভারের শেষ বলে হাসান মাহমুদকে বোল্ড করে আফগানিস্তানকে আরেকটি সাফল্য এনে দেন সেলিম। ৩০৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

দিনের বাকি সময়ে আর কোনো উইকেট পড়তে দেননি নাঈম ও তাইজুল। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে ১২ রান যোগ করে দিনের খেলা শেষ করেন তাঁরা।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম সফি। ১৯ ওভারে ৭০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমদজাই ৬২ রান ও ইসমত আলম ২০ রান দিয়ে নিয়েছেন দুটি করে উইকেট। কাইস আহমেদের শিকার একটি উইকেট।

সেশনের হিসাবে, প্রথম সেশনে ১ উইকেটে ১৩৪ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে যোগ করে ৯২ রান। আর শেষ সেশনে ৩ উইকেট হারিয়ে আসে আরও ৯১ রান। তানজিদ, শাদমান ও লিটন—তিনজনই ফিফটি পেলেও কেউ সেঞ্চুরির দেখা পাননি। ফলে প্রথম দিন শেষে ৩১৭ রান তুললেও বড় সংগ্রহের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App