×

ভিডিও

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

দেশের চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। সেই লক্ষ্যে আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন বৈঠকে অংশ নেন।  বৈঠকে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনার কথা রয়েছে।

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলে আশা করছে।  এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১৪ শ মানুষ নিহত হন।

এবার মুখ খুলেছেন ইইউ রাষ্ট্রদূত

এদিকে, বাংলাদেশের পরিস্থিতি ও অভিবাসন নিয়ে এবার মুখ খুলেছেন ইইউ রাষ্ট্রদূত। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত 'ডিক্যাব টক' অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, ইইউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা আস্থাশীল। রাষ্ট্রদূত জানান, ইউরোপে অনিয়মিত প্রবেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে থাকায় আগামী ডিসেম্বরে ইইউর ২৭ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এলডিসি উত্তরণের পর তৈরি পোশাক খাতে শুল্ক সুবিধা ধরে রাখতে আগাম প্রস্তুতির পরামর্শ দেন তিনি। 

গ্রামীণ ব্যাংকের হামলা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতি

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ এক জরুরি বিবৃতি দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  ড. ইউনূস জানান, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁর দাবি, হামলার সময় 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের শাখা ছাড়াও চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা চালানো হয়েছে, যেখানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন এবং যেখান থেকে গ্রামীণ ব্যাংকের কাজের সূচনা হয়েছিল।হামলাকারীরা ব্যাংকটিকে ড. ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রচার চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে ব্যাংকটির পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ২০ বছর পূর্তির বছরে এমন হামলাকে তিনি দারিদ্র্য বিমোচনের বৈশ্বিক প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেন। সর্বোচ্চ পর্যায় থেকে যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ও এর বিরুদ্ধে সোচ্চার হতে তিনি বিশ্বজুড়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানান।

আবারও গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’

দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার প্রায় দুই বছর পর এই গ্রেপ্তারের ঘটনায় তিনি নতুন করে আলোচনায় এসেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর সোমবার রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর গত আড়াই বছরে ঢাকার বিভিন্ন খুন ও গুলির ঘটনায় তার এবং তার গ্রুপের সদস্যদের নাম আসতে শুরু করলেও তিনি এতদিন আড়ালে ছিলেন। 

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের বিদ্যুৎ খাতে আরও একটি সফল মাইলফলক অর্জিত হলো। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রমে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে এই পরীক্ষামূলক সরবরাহ অব্যাহত থাকতে পারে।

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলেন, এমন ২০ জন পরীক্ষার্থীও আছেন। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রমতে, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App