×

এশিয়া

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

কিম জং উন। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক ভেস্তে যাওয়ার পর আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি জানিয়েছেন, দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত পিয়ংইয়ং। একই সঙ্গে অন্য দেশের ওপর একতরফা স্বার্থ ও সংকীর্ণ মূল্যবোধ চাপিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, রোববার ১০টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন কিম।

কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী, ওই ১০টি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া, সুইডেন ও ভিয়েতনামও রয়েছে।

অনুষ্ঠানে কিম বলেন, ‘আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধার নীতির ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রস্তুত উত্তর কোরিয়া।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ এমন শক্তি থাকবে, যারা আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজেদের একতরফা স্বার্থকে স্থান দেবে, অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ গুরুতরভাবে লঙ্ঘন করবে এবং নিজেদের সংকীর্ণ মূল্যবোধ অন্য দেশের ওপর চাপিয়ে দেবে, ততক্ষণ পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না।’

পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার প্রতি শত্রুতাপূর্ণ নীতি পরিত্যাগের আহ্বান জানিয়ে আসছে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে কিমের সম্ভাব্য বৈঠক নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছিল।

গত সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের সম্মেলনে যোগ দিতে চীন সফরের সময় কিমের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন। দেশ তিনটির নেতাদের মধ্যে এটি ছিল প্রথম ত্রিপক্ষীয় সম্মেলন।

তবে শেষ পর্যন্ত ট্রাম্প-কিম বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত শনিবার জানিয়েছে, বৈঠকের জন্য উত্তর কোরিয়া কয়েকটি শর্ত দিয়েছিল, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হয়নি। যদিও শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষ বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে গিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প পররাষ্ট্রনীতিতে আরও বেশি মনোযোগী হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজের রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারণ করতে পারে—এমন একটি সাফল্য অর্জনের লক্ষ্যে কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য তিনি সহযোগীদের ওপর চাপ দিয়েছিলেন।

চতুর্থবারের মতো ট্রাম্প-কিম বৈঠকের পথ তৈরি করতে মার্কিন কর্মকর্তারা কয়েকটি প্রস্তাব নিয়েও আলোচনা করেছিলেন। এর মধ্যে ছিল ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। উল্লেখ্য, ওই যুদ্ধ কোনো শান্তিচুক্তির মাধ্যমে নয়, বরং যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছিল।

এ ছাড়া উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করার দাবি থেকে সরে এসে একটি বিবৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এর বিনিময়ে ওয়াশিংটন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা সীমিত করার বিষয়ে আলোচনার প্রস্তাব দিতে পারত। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে লিয়াজোঁ অফিস খোলার বিষয়টিও আলোচনায় ছিল। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় কূটনীতিকদের নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে।

এর আগে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনার মূল বিষয় ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকেরা বারবার উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাঁদের ‘দৃঢ় অঙ্গীকারের’ কথা পুনর্ব্যক্ত করেছেন।

তবে পিয়ংইয়ং বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। উত্তর কোরিয়ার বক্তব্য, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান ‘স্থায়ীভাবে নির্ধারিত’ এবং এ অবস্থান কখনোই পরিবর্তন করা হবে না।

এমন পরিস্থিতিতে কিমের সর্বশেষ বক্তব্যকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ার পর সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর তাঁর গুরুত্বারোপ তাৎপর্যপূর্ণ।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু জবাই বন্ধে পশ্চিমবঙ্গে নতুন বিল আনছে শুভেন্দু সরকার

গরু জবাই বন্ধে পশ্চিমবঙ্গে নতুন বিল আনছে শুভেন্দু সরকার

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

কিম জং উনের বন্ধু তালিকায় রয়েছে যেসব দেশ

এনভিডিয়ার সিইও পদেই ফিরলেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার সিইও পদেই ফিরলেন জেনসেন হুয়াং

ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App