×

ক্রিকেট

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

ছবি: সংগৃহীত

ম্যাচে যদিও কোনো দল জেতেনি, কোনো দল হারেনি। ইতিহাসে এই টেস্ট লেখা থাকবে ‘ড্র’ হিসেবে। তবে ড্র ম্যাচেও তো অনেক সময় জয়-পরাজয়ের ব্যাপার থাকে! জয় নয়, তবু উদ্‌যাপনটা যেন জয়েরই। আবুধাবি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিততে পারেনি আফগানিস্তান। তবে শেষ দিন পর্যন্ত লড়ে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ ড্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। অন্যদিকে, জয়ের খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করে হতাশায় পুড়েছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাঁচ দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে আনতে পারেনি কোনো দলই। তবে আফগানিস্তানের জন্য এই ড্র যেন জয়ের সমান। চতুর্থ ইনিংসে ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিন তাদের প্রয়োজন ছিল আরও ৩৪৭ রান। বিপরীতে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। শেষ পর্যন্ত ধৈর্য, দৃঢ়তা আর লড়াকু ব্যাটিংয়ে হার এড়িয়েছে আফগানরা।

পঞ্চম দিন ৩ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। দিনের শুরুতেই চাপে পড়ে দলটি। মেহেদী হাসান মিরাজের করা দিনের তৃতীয় ওভারে সিঙ্গেল নিতে গিয়ে ফিল্ডারের থ্রো হাসমতউল্লাহ শাহিদির প্যাডে লাগলে চোট পান তিনি। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং চালিয়ে যেতে না পেরে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর সেদিকুল্লাহ আতাল ও ইকরাম আলিখিলের ব্যাটে প্রতিরোধ গড়ে ওঠে। দুজন মিলে ১৪৭ বলে ৬৬ রানের কার্যকর জুটি গড়েন। ইনিংসের ৭৮তম ওভারে ইকরামকে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন ইবাদত হোসেন। এরপর ইসমত আলমকে ৪ রানে ফিরিয়ে দেন মিরাজ।

আরও পড়ুন: পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল

পরে আবার ব্যাটিংয়ে নামেন হাসমতউল্লাহ। কিন্তু এবারও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মিরাজের বলে ৩৬ রানে বিদায় নেন এই ব্যাটার। অন্য প্রান্তে অবিচল থেকে লড়াই চালিয়ে যান সেদিকুল্লাহ। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৩২ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তবে দলীয় ২৮২ রানে সেদিকুল্লাহ ফিরে গেলে আবারও হারের শঙ্কায় পড়ে আফগানিস্তান। তাঁকে ফিরিয়ে এই টেস্টে নিজের একমাত্র উইকেটটি নেন তাইজুল ইসলাম। তখন বাংলাদেশের সামনে জয়ের সুযোগ আরও উজ্জ্বল হয়ে ওঠে।

কিন্তু শেষ দিকে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কায়েস আহমেদ ও ইয়ামিন আহমাদজাইয়ের দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আফগানিস্তান। অষ্টম উইকেটে ১১০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের অপেক্ষা দীর্ঘ করেন তাঁরা।

ইয়ামিন ৮৫ বলে ১৯ রান করে ফিরলেও লড়াই চালিয়ে যান কায়েস। তাঁকে সঙ্গ দেন জিয়া উর রহমান। শেষ দিকে কায়েসের ক্যাচ নেওয়ার সুযোগ হাতছাড়া করেন হাসান মাহমুদ। আবার ডাবল রান নিতে গিয়ে ইয়ামিনকে রানআউট করার সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বোলার নাঈম হাসান কাছ থেকে বল পেয়েও স্টাম্পে লাগাতে পারেননি।

শেষ পর্যন্ত ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ ড্র করে আফগানিস্তান। কায়েস ৮০ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষ বলে ছক্কা মেরে বুনো উল্লাসে মেতে ওঠেন কায়েস ও জিয়া উর রহমান। তাঁদের উদ্‌যাপনেই স্পষ্ট হয়ে ওঠে, এই ড্র আফগানদের কাছে কতটা স্বস্তির।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন ৩টি করে উইকেট নেন। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ পান ১টি করে উইকেট।

জয়ের জন্য শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৭ উইকেট। কিন্তু আফগান ব্যাটারদের প্রতিরোধ ভাঙতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়। ফলে জয় থেকে দূরে থাকলেও আফগানিস্তানের কাছে এই ড্র হয়ে থাকল বড় অর্জন, আর বাংলাদেশের জন্য এটি নিশ্চিতভাবেই হতাশার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিস ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App