ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, নবায়নযোগ্য জ্বালানিতে জোর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
এলএনজি আমদানিতে সরকারের বিপুল অঙ্কের ভর্তুকি ও আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থার আর্থিক চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো হলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এলএনজি আমদানিতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—সব পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি করছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এলএনজি আমদানিতে সরকারকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া উচিত।
তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানির অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত করে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার দিতে হবে।
বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য দেন। সম্মেলনে সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। তিন দিনের এ সম্মেলনে ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি, অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
