×

শিক্ষা

শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রী

‘ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

‘ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না’

ফাইল ছবি

শিক্ষকদের বদলি, নিয়োগসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে ক্লাস বর্জন করে রাজপথে না নামার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করব। তবে ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।

শিক্ষকদের বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান সরকারই করবে। সেগুলো সমাধানে কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছে।

বিগত সরকারের সমালোচনা করে এহছানুল হক মিলন বলেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।

তিনি বলেন, এ সময়ে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম পরিকল্পনা বা বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, অথচ সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও অ্যাভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে দক্ষ পাইলট ও জনবল তৈরিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী দিনের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকালে বিএনপি নেতাকে মারধর, বিকেলে আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন

সকালে বিএনপি নেতাকে মারধর, বিকেলে আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন

‘ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না’

শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রী ‘ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না’

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App