পুকুরে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
ছবি; সংগৃহীত
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি এবং শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের মধ্যে ফাতেমা ও আশামনি স্থানীয় একটি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সুমাইয়া পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহাম্মদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। অন্যদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।
স্থানীয়দের ভাষ্য, গোসলের সময় সুমাইয়া পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ফাতেমা ও আশামনিও গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
