ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদী এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।
