×

ঢাকা

সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি

Icon

মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশি হেফাজতে থাকা হাতিটি অবশেষে আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় এক সপ্তাহ সদরপুর থানা প্রাঙ্গণে রাখা এই বিশাল প্রাণীটি স্থানীয়দের ব্যাপক কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) আদালত সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাতিটি মালিকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, নওগাঁ জেলার ব্যবসায়ী দুলাল দেওয়ানের কাছে হাতিটি ফিরিয়ে দেওয়া হবে। তিনি বিভিন্ন সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দিয়ে থাকেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই সদরপুর উপজেলার আটরশী এলাকায়। অভিযোগ রয়েছে, হাতি নিয়ে চাঁদা সংগ্রহের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাঁদা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে হাতির মাহুতকে আটক করে মারধর করে এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে আটক করে এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে।

পরদিন আটক মাহুত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা বকুল মিয়া (২৪)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জব্দ করা হাতিটি কার কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করে পুলিশ।

সাত দিন থানায় অবস্থানকালে হাতিটির পরিচর্যায় ছিল বিশেষ ব্যবস্থা। মালিকের পক্ষ থেকে পাঠানো মাহুত নাজমুল সর্দার নিয়মিত গোসল করানো, খাওয়ানো এবং সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব পালন করেন। একটি পূর্ণবয়স্ক হাতির জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কলাগাছ, ঘাস ও অন্যান্য খাদ্যের প্রয়োজন হওয়ায় পুলিশকে বেশ বেগ পেতে হয়। স্থানীয় বাসিন্দা এবং মালিকের সহযোগিতায় প্রতিদিন খাদ্যের ব্যবস্থা করা হয়।

এ সময় থানা প্রাঙ্গণে হাতিটিকে দেখতে প্রতিদিনই ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়।

হাতিটির বর্তমান তত্ত্বাবধায়ক নাজমুল সরদার বলেন, “পুলিশ আনুষ্ঠানিকভাবে হাতিটি আমার কাছে বুঝিয়ে দিলেই আমি এটি নিয়ে মালিকের কাছে চলে যাব।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, আদালতের নির্দেশ হাতে পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।

দীর্ঘ সাত দিন থানায় একটি বিশাল আকৃতির বন্য প্রাণীর অবস্থান সদরপুরে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দেয়। তবে আদালতের নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই অধ্যায়েরও অবসান ঘটতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকান টোবাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আমেরিকান টোবাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় টেলিটকের নতুন সিম

‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় টেলিটকের নতুন সিম

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্স এলাকায় অস্ত্রধারী আটক

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্স এলাকায় অস্ত্রধারী আটক

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App