ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিকের
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষে কাজী আশরাফ হোসেন (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের সাথে বাসের সাথে ধাক্কায় মর্মান্তিকভাবে তিনি নিহত হন।
তিনি নড়াইল জেলার এশিয়ান টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি ছিলেন। এসময় তার সাথে থাকা মাহামুদুল হাসান অনিক নামে আরেকজন আহত হন। ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ হোসেন নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।
পারিরারিক সূত্রে নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আমার শ্বশুর ও তাঁর সহকারী দুজনে ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমার শ্বশুর কাজী আশরাফ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় কাজী আশরাফের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার পা, মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফ ঢাকায় মারা গেছেন বলে শুনেছি। বাসটি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন।
