আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে সড়কে বিএনপির নেতাকর্মীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সড়কে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাঁদের সঙ্গে রয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
সোমবার সকাল ৭টা থেকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমিকদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা উপজেলার চন্দ্রা থেকে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁরা সম্মিলিতভাবে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
অন্যদিকে, পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় সকাল থেকেই সড়কে অবস্থান করছেন শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আমরা শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করে যাচ্ছি।’
