আতঙ্কের আরেক নাম গোপালগঞ্জ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলার নামের পেছনে থাকা ঐতিহাসিক ‘গোপাল’ ব্যক্তিটি কে—এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, এ নামের উৎপত্তি নিয়ে অন্তত তিনটি ব্যাখ্যা প্রচলিত। এর মধ্যে একটি মতে, কলকাতার জানবাজারের জমিদার রানি রাসমণির নাতি বা প্রপৌত্র নবগোপালের নামানুসারে একসময়কার ‘রাজগঞ্জ’ এলাকার নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ’ রাখা হয়। রানি রাসমণি মাকিমপুর এস্টেটের জমিদার ছিলেন।
অন্য একটি জনশ্রুতি বলছে, এ অঞ্চলের প্রভাবশালী জমিদার গোপাল রায়ের নাম থেকেই গোপালগঞ্জের নামকরণ হয়েছে। আবার প্রাচীন ইতিহাসের সূত্র ধরে কেউ কেউ মনে করেন, ষষ্ঠ শতকে স্বাধীন বঙ্গ রাজ্যের শাসক রাজা গোপচন্দ্রের নামের সঙ্গে এ জনপদের নামের সম্পর্ক রয়েছে।
নামকরণের ইতিহাস যা-ই হোক, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে একের পর এক সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং দলটির অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পুলিশের বক্তব্যেও কয়েকজনের নাম এসেছে, যাদের স্থানীয় পর্যায়ের নেতা বা কর্মী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে এসব ঘটনায় নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থদাতা ও সংগঠকদের পরিচয় এখনো স্পষ্ট নয়।
প্রশ্ন উঠছে, সহিংসতার পেছনে কি কেবল কয়েকজন রাজনৈতিক কর্মী জড়িত, নাকি এর সঙ্গে আরও প্রভাবশালী কোনো মহল কিংবা সংগঠিত নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে? এমনকি প্রশাসনের ভেতরে থাকা কারও ভূমিকা আছে কি না, সেটিও আলোচনায় এসেছে। তবে এসব সম্ভাবনার সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত।
কয়েকজনকে গ্রেপ্তারের পর তাঁদের মুক্তির দাবিতে লোকজন জড়ো হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ, থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে হামলা চালানো হয় স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে। সরকারি যানবাহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়। সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকর্মীদেরও ঘটনাস্থলে যেতে বাধার মুখে পড়তে হয়। পুলিশ সদস্যদেরও একপর্যায়ে পিছু হটতে হয়।
এ ধরনের ঘটনা কোনো সংঘাতপূর্ণ সীমান্ত এলাকা কিংবা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য পরিচিত জনপদে নয়, ঘটেছে গোপালগঞ্জে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেন? কারা এতটা সংগঠিত যে প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে? এটি কি বিচ্ছিন্ন কিছু নেতাকর্মীর বিক্ষোভ, নাকি এর পেছনে রয়েছে সংগঠিত রাজনৈতিক শক্তি, জনবল সরবরাহের সক্ষমতা ও স্থানীয় পর্যায়ে সক্রিয় কোনো নেটওয়ার্ক?
নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকদের মতে, দিনদুপুরে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শত শত মানুষের জড়ো হওয়া এবং সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্থানীয় প্রশাসনের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। তাঁদের মতে, এসব ঘটনাকে সাধারণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। সরকারি স্থাপনায় হামলা এবং অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ও প্রশাসনের ওপর আক্রমণ আইনের শাসনের জন্য গুরুতর চ্যালেঞ্জ। এসব ঘটনায় পুলিশের কোনো পর্যায়ের ব্যর্থতা বা সংশ্লিষ্টতা থাকলে সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এসব ঘটনার নেপথ্যে কারা ইন্ধন দিচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৬৭ কিলোমিটার মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। সহিংসতায় জড়িত ব্যক্তিদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা থাকলেও গোপালগঞ্জে সহিংসতার ধারাবাহিকতা বিশেষভাবে উদ্বেগজনক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘিরে এ জেলায় আগেও উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। নতুন করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ হামলার লক্ষ্যবস্তু হয়েছে রাষ্ট্রের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান এবং ক্ষমতাসীন দলের একজন জনপ্রতিনিধির পরিবার।
বিশ্লেষকদের পর্যবেক্ষণ, প্রতিটি ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। কিন্তু বিক্ষোভকারীদের চাপের মুখে একপর্যায়ে পুলিশ সদস্যদের থানা ছেড়ে সরে যেতে বা পিছু হটতে হয়েছে। তাঁদের মতে, পাল্টা আক্রমণ চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। তবে সহিংসতার মূল কারণ ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা না গেলে এ ধরনের ঘটনা বন্ধ করা কঠিন হবে।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাইফুল আলম বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পৈতৃক বাড়ি এ জেলায়। আওয়ামী লীগের সাংগঠনিক ও রাজনৈতিক শক্তির অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ। দীর্ঘ সময় প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার মানুষের প্রভাব ছিল। বর্তমান পরিস্থিতি বুঝতে এ ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ।
তবে তাঁর মতে, গোপালগঞ্জে বারবার সহিংসতার ব্যাখ্যা শুধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার বাড়ি এ জেলায়—এ তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে প্রকৃত কারণ আড়ালেই থেকে যাবে। রাজনৈতিক প্রতীক ও আবেগের বাইরে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সাংগঠনিক সম্পর্ক, রাজনৈতিক আনুগত্য, প্রভাবশালী ব্যক্তিদের নেটওয়ার্ক এবং ক্ষমতার পালাবদলের পর তৈরি হওয়া নতুন বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।
দীর্ঘদিন কোনো একটি রাজনৈতিক দলের একচ্ছত্র প্রভাব থাকা এলাকায় ক্ষমতার পরিবর্তনের পর সেই দলের সাংগঠনিক কাঠামো কতটা ভেঙেছে, কতটা আড়ালে চলে গেছে কিংবা নতুন কৌশলে সক্রিয় রয়েছে—সেটিও অনুসন্ধানের বিষয়। এ প্রেক্ষাপটে গোয়েন্দা নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, গোয়েন্দাদের কাছে কি আগাম কোনো তথ্য ছিল না? কারা এসব ঘটনায় নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের আগে থেকে শনাক্ত বা আইনের আওতায় আনা সম্ভব হয়নি কেন?
সাইফুল আলম আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও স্থানীয় পর্যায়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত সম্পর্ক এবং সাংগঠনিক নেটওয়ার্ক রাতারাতি বিলুপ্ত হয়ে যাওয়ার কথা নয়। প্রশ্ন হলো, এসব নেটওয়ার্কের কোনো অংশ কি রাজনৈতিক কর্মসূচির আড়ালে সংঘবদ্ধ হচ্ছে? কয়েকজনকে গ্রেপ্তারের পরপরই কীভাবে কয়েকশ মানুষ জড়ো হলো? থানার অবস্থান, পুলিশের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাদের আগে থেকেই ধারণা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
কারা লোকজনকে সংগঠিত করেছে, কারা নির্দেশনা দিয়েছে এবং কারা হামলার নেতৃত্ব দিয়েছে—এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর মতে, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, ফোনে যোগাযোগ এবং আর্থিক ও সাংগঠনিক যোগসূত্র অনুসন্ধানের মাধ্যমে সহিংসতার প্রকৃত পরিকল্পনাকারীদের শনাক্ত করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক আইজিপি বলেন, এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের সক্ষমতা নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজনকে গ্রেপ্তারের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কি একেবারেই আকস্মিক? একটি থানায় হামলা চালানোর মতো জনসমাগম, সড়ক অবরোধ, সরকারি যানবাহনে আগুন এবং সংসদ সদস্যের বাড়িতে হামলার মতো এতগুলো ঘটনা এক রাতেই ঘটল—অথচ আগাম সতর্কতামূলক ব্যবস্থা কোথায় ছিল?
তিনি বলেন, এর মাত্র এক দিন আগে, ১৬ নভেম্বর, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জ শহর পরিদর্শন করে জানিয়েছিলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছিলেন তিনি। অথচ পরদিনই টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতি পুলিশের প্রস্তুতি, গোয়েন্দা তথ্যের কার্যকারিতা এবং মাঠপর্যায়ের নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সাবেক এই পুলিশপ্রধানের মতে, প্রশাসনের ব্যর্থতা শুধু হামলা ঠেকাতে না পারার মধ্যে সীমাবদ্ধ নয়। হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করার সময় পুলিশের প্রতিরোধব্যবস্থা কতটা কার্যকর ছিল, পর্যাপ্ত জনবল ও অতিরিক্ত ফোর্সের ব্যবস্থা ছিল কি না, রিজার্ভ পুলিশ কিংবা দ্রুত সহায়তা পাঠানোর প্রস্তুতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
একাধিক স্থানে একযোগে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা মোকাবিলায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের মধ্যে সমন্বয় কতটা ছিল, সেটিও তদন্তের বিষয় বলে মনে করেন তিনি। তাঁর মতে, থানায় হামলার পর পুলিশ সদস্যদের পিছু হটা আত্মরক্ষার কৌশল হতে পারে। তবে এরপর হামলাকারীদের হাতে থানার নিয়ন্ত্রণ চলে যাওয়া, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
আরও উদ্বেগের বিষয়, ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেননি। অর্থাৎ সহিংসতার কারণে শুধু পুলিশ নয়, জরুরি সেবার কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, এসব ঘটনার নেপথ্যে রাজনৈতিক শক্তির অবস্থান ও সক্ষমতা যাচাইয়ের বিষয় থাকতে পারে। গোপালগঞ্জের পরিস্থিতিকে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাতে পারছেন না। তবে স্থানীয় পর্যায়ে দলটির অবশিষ্ট সাংগঠনিক শক্তি, সমর্থকগোষ্ঠী ও যোগাযোগব্যবস্থা কতটা সক্রিয় রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তাঁর মতে, কয়েকজন নেতাকর্মীর মুক্তির দাবিতে বড় জমায়েত এবং পরবর্তী সময়ে সংঘবদ্ধ হামলার ঘটনা রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে কিংবা প্রশাসনের সক্ষমতা যাচাই করতে কোনো পক্ষ সহিংস পরিস্থিতি তৈরি করছে কি না, সেটিও তদন্তের বিষয়।
হুমায়ুন কবীর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গোপালগঞ্জের সব ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ও ছবি পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণা গুরুত্বপূর্ণ। তবে একই ধরনের সহিংসতা আবারও ঘটলে শুধু মামলা ও গ্রেপ্তারের আশ্বাস দিয়ে স্থায়ী সমাধান সম্ভব হবে না।
তাঁর মতে, হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা, সংগঠক, মাঠপর্যায়ের নেতৃত্ব এবং সরাসরি অংশগ্রহণকারীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাববলয়, গোপন যোগাযোগ এবং সহিংসতায় জনবল সংগঠিত করার প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ অনুসন্ধান চালানো জরুরি।
অধ্যাপক হুমায়ুন কবীর আরও বলেন, গোপালগঞ্জের ঘটনাগুলো নিয়ে জনমনে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো শুধু একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনের প্রশ্নও জড়িত। একটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বারবার হিমশিম খেতে হলে দেশের অন্যান্য এলাকাতেও নেতিবাচক বার্তা যেতে পারে।
তাই প্রশ্ন থেকেই যাচ্ছে—একটি জেলায় বারবার একই ধরনের সহিংসতার পরও প্রশাসন কেন আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারছে না? গোপালগঞ্জ কি কোনো রাজনৈতিক দলের স্থায়ী দুর্গ, নাকি সেখানে এমন কোনো অদৃশ্য ক্ষমতাকাঠামো সক্রিয় রয়েছে, যার প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি।
