×

বিএনপি

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় দলটি। এর মধ্যে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তাঁদের চিঠি দেওয়া হতে পারে। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজ নিজ এলাকায় তাঁরা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি।

পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নিরবকে তারেক রহমানের পাশে দেখা যাওয়ায় আলোচনা

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।

এ বিষয়ে সাইফুল আলম নিরব বলেন, ‘দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।’

তিনি আরও বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি করি। নির্বাচনের পরও আমি দলের সব কর্মসূচিতে অংশগ্রহণ করছি, প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি পালন করছি। আশা করি, দল এটা বিবেচনা করবে।’

বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজনের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তাঁরা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

স্থানীয় নির্বাচন সামনে রেখে ঐক্যের উদ্যোগ

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের প্রভাব এখনো বিএনপির তৃণমূলে রয়ে গেছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও দলটির তৃণমূল পর্যায়ে পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

তৃণমূলের বহিষ্কৃত অনেক নেতা ইতোমধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

বহিষ্কৃত নেতাদের ভাষ্য, জাতীয় নির্বাচনে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাঁদের সঙ্গে রয়েছেন। ফলে সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাঁদের প্রভাব অটুট রয়েছে।

অন্যদিকে জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ জিইয়ে রেখে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা।

আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে দলকে গোছানো এবং তৃণমূলে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।

দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও নেতাদের অধিকাংশই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাঁরা দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতেও মাঠে রয়েছেন। তাঁদের দলে ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।

বিএনপির কাছে থাকা তথ্য অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলটির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোথাও কোথাও এ সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি সরকারে থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ডে দল যেন ঝিমিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চায় বিএনপি। এ কারণে সারা দেশে সংগঠনকে চাঙা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে বলে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তাও অনুভব করছে ক্ষমতাসীন দলটি।

নীতিনির্ধারকদের মতে, তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া যাবে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারে আবেদন করেছেন নেতারা

জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।

তিনি বলেন, স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করার বিষয়ে রিজভী বলেন, ‘মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সংগঠন-সংগ্রাম সব মিলিয়ে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী নেতাও। হয়তো জোটের কারণে সেখানে (নড়াইল-২) তাঁকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তাঁর বিষয়টি চেয়ারম্যান বিবেচনা করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

 আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App