বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
ফাইল ছবি
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনার মাঝনদীতে নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামে আরেক ব্যক্তি। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে সেলিম গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
এদিকে, সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে আলমগীর দেওয়ান মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন। তার সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
