×

ঢালিউড

বিয়ের খবরে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

বিয়ের খবরে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরির গোপনে বিয়ে হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তাদের বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়। বিষয়টি নজরে আসার পর সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেন পূজা।

পূজা চেরি জানান, তার বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে এসব খবর প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের বিয়ের প্রসঙ্গে পূজা বলেন, এর আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে এখনো তার বিয়ে হয়নি।

তিনি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিষয়টি তিনি নিজেই প্রকাশ্যে সবাইকে জানাবেন। তাই বিয়ে নিয়ে কোনো কিছু গোপন করার প্রশ্নই আসে না।

পূজা আরও বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে সাম্প্রতিক সময়ে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে। তবে তথ্য যাচাই না করে তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম নিয়ে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন পূজা। তার দাবি, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয়।

পূজা তার পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব বিধানে নাগরিকের আইনি সুরক্ষা, ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রচলিত আইনের কথাও উল্লেখ করে তিনি বলেন, যাচাই ছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে মামলায় আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

যে মামলায় আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে স্বর্ণে ভরি

দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে স্বর্ণে ভরি

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, বেতন বাড়ছে কার কত

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, বেতন বাড়ছে কার কত

বিয়ের খবরে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিয়ের খবরে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App