×

ক্রিকেট

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

ফাইল ছবি

জোহানেসবার্গে ব্যাট হাতে সেঞ্চুরি করে আগেই আলো ছড়িয়েছিলেন লিটন দাস। এবার উইকেটের পেছনে গড়লেন আরও বড় এক কীর্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের এক ইনিংসে আট ব্যাটারকে আউট করার বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

কাগিসো রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন টেস্ট ক্রিকেটের দীর্ঘদিনের রেকর্ড। ক্রিকেটের অভিজাত সংস্করণে এর আগে কোনো উইকেটরক্ষক এক ইনিংসে আটটি ডিসমিসাল করতে পারেননি।

বুধবার (১৮ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি গড়েন লিটন। বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংসে আগের দিনই ছয়টি ক্যাচ নিয়েছিলেন তিনি। চতুর্থ দিনে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে স্পর্শ করেন বিশ্বরেকর্ড। এরপর মেহেদী হাসান মিরাজের বলেই রাবাদাকে স্টাম্পিং করে রেকর্ডটি নিজের করে নেন।

রেকর্ড গড়ার মুহূর্তটিও ছিল দেখার মতো। মিরাজের বলে আক্রমণাত্মক শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন রাবাদা। অফ স্টাম্পের বাইরে লেংথে পড়া বলটি ঘুরে তার ব্যাট ফাঁকি দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দ্রুত বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন। তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে আট ডিসমিসাল করা প্রথম উইকেটরক্ষক হয়ে যান বাংলাদেশের এই ক্রিকেটার।

রাবাদা অবশ্য আউট হওয়ার আগে ব্যাট হাতে বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে। ৯৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে তাঁর ইনিংস থামে। আর সেই উইকেটেই ইতিহাসের অংশ হয়ে যান লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত দিন এক ইনিংসে উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল সাতটি। এই কীর্তির যৌথ মালিক ছিলেন পাঁচজন। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সাতটি ডিসমিসালের নজির গড়েছিলেন ওয়াসিম বারি। পরের বছর ভারতের বিপক্ষে একই কীর্তি গড়েন বব টেলর। এরপর ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইয়ান স্মিথ এবং ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিডলি জ্যাকবস সেই রেকর্ড স্পর্শ করেন। সর্বশেষ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতটি ক্যাচ নিয়ে তাদের পাশে নাম লিখিয়েছিলেন জশুয়া দা সিলভা।

এই পাঁচ উইকেটরক্ষকের সবাই এক ইনিংসে সাতটি করে ক্যাচ নিয়েছিলেন। লিটনের কীর্তি অবশ্য কিছুটা ভিন্ন। তার আট ডিসমিসালের মধ্যে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং। ফলে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড অক্ষত থাকলেও এক ইনিংসে মোট ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন তার দখলে।

অথচ আগের দিনই বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছিলেন লিটন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ইনিংসে ছয়টি ক্যাচ নিয়ে পেছনে ফেলেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসকে। এর আগে বাংলাদেশের কোনো উইকেটরক্ষক এক টেস্ট ইনিংসে পাঁচটির বেশি ক্যাচ নিতে পারেননি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন মুশফিক। আর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন ইমরুল। সেই রেকর্ড ভেঙেই বিশ্বরেকর্ডের দিকে এগোচ্ছিলেন লিটন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই উইকেটের পেছনে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। হাসান মাহমুদের বলে এইডেন মার্করামকে ক্যাচ দিয়ে শুরু। এরপর মুমিনুল হকের বলে জুবায়ের হামজা এবং হাসানের বলে ম্যাথু ব্রিটজকেকে ফেরান লিটন।

তৃতীয় দিনে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামান বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদের পরপর দুই শিকার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের ক্যাচও নেন লিটন। এরপর হাসানের বলে সাইমন হারমারকে ক্যাচ দিয়ে বাংলাদেশের আগের রেকর্ড ভাঙেন তিনি।

সেখানেই থামেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক। চতুর্থ দিনে মিরাজের বলে রিকেলটনকে স্টাম্পিং করে সপ্তম ডিসমিসালটি পূর্ণ করেন। ১৬৫ বলে ১৩টি চারে ১০২ রান করা রিকেলটন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন। লিটনের দ্রুত স্টাম্পিংয়ে শেষ হয় তাঁর ইনিংস।এই উইকেটের মাধ্যমে ওয়াসিম বারি, বব টেলরদের বিশ্বরেকর্ড স্পর্শ করেন লিটন। এরপর রাবাদাকে একইভাবে ফিরিয়ে তাঁদের সবাইকে ছাড়িয়ে যান।

ব্যাট হাতেও এই টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছেন লিটন। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপর্যয়ের সময় তাওহিদ হৃদয়ের সঙ্গে ২০৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান তিনি। ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে তাঁদের প্রতিরোধেই ৪০০ রান করতে পারে বাংলাদেশ।

হৃদয় করেন ১৩৭ রান। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়ে ১২০ রানের ইনিংস খেলেন লিটন। ১৭৯ বলের সেই ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই তাঁর প্রথম টেস্ট শতক।

এর আগে একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি প্রতিপক্ষের এক ইনিংসে ছয়টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছিলেন মাত্র দুজন উইকেটরক্ষক। দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এবি ডি ভিলিয়ার্স ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে সেই নজির গড়েন। কাকতালীয়ভাবে দুটি ঘটনাই ঘটেছিল জোহানেসবার্গে।

এবার সেই একই মাঠে তাদের ছাড়িয়ে গেলেন লিটন। সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে আট ডিসমিসালের অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের এই ক্রিকেটার। অবশ্য ওয়ান্ডারার্সে ব্যাট হাতে লিটনের সেঞ্চুরি এবং উইকেটের পেছনে তার দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও ম্যাচের লড়াই সহজ হয়নি বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে ৪০০ রান করার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের প্রতিরোধে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে?

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে?

দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App