সালমান শাহ হত্যাকাণ্ড
রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
ছবি : সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।
সিআইডি সূত্র জানায়, গত ৯ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৬ সেপ্টেম্বর তাঁকে রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চার দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে ডনের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। আদালতে উপস্থাপন করা পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডন মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের চেনেন বলে জানিয়েছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যুর ঘটনা ও মামলার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন কৌশলের আশ্রয় নেন এবং অনেক তথ্য গোপন করেন। তবে মামলার ঘটনার আগে ও পরে তাঁর আচরণ এবং কর্মকাণ্ড বিশ্লেষণ করে সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ডনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। মামলাটির তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি।
