ছাত্রকে পিটিয়ে বহিষ্কার ঢাবি শিবিরের কর্মী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: এআই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গেস্টরুমে নেওয়ার হুমকি ও মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করে তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে হলের আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার পর হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীর ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সুপারিশ অনুযায়ী, ৬ আগস্ট ২০২৬ থেকে তাকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি যমুনা-৯০০৫ (সি-২) নম্বর কক্ষে তার বরাদ্দকৃত সিটও বাতিল করা হয়েছে।
আরো পড়ুন: আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
ভুক্তভোগী আহমেদ শাহরিয়ার নীড় অভিযোগ করে বলেন, ‘১৯ জুলাই রাত ১২টার দিকে তিনি ওয়াশরুমে যেতে চাইলে মাহফুজ তাকে বাধা দিয়ে পাশের ওয়াশরুমে যেতে বলেন। তবে পাশের ওয়াশরুমটি বন্ধ থাকায় তিনি আবার আগের ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলে মাহফুজ তাকে বাধা দেন। একপর্যায়ে তাকে ধাক্কা দেওয়া এবং মারধর করা হয় বলেও অভিযোগ করেন নীড়।’
তার ভাষ্য মতে, ‘তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়। এ সময় হাতে আঘাত পাওয়ার একটি ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।’
তিনি আরো অভিযোগ করেন, ‘এ সময় মাহফুজ তাকে গালাগাল করেন এবং গেস্টরুমে নেওয়ার হুমকি দেন।’
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ‘
এদিকে, বহিষ্কৃত শিক্ষার্থী মাহফুজ ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মাহফুজের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের সময় ছাত্রশিবির কর্মীদের সাথে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি নির্বাচনের সময় সাদিক কায়েমের সাথে প্রচারণায় যুক্ত ছিলেন। পরবর্তীতে ডাকসু নির্বাচন শেষ হলেও তাদের একসঙ্গে চলাফেরার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এসব বিষয় নিয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
