২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি : সংগৃহীত
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গুচ্ছে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের এক সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে ভর্তি পরীক্ষা কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৯ মার্চ। পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) এবং ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা নেওয়া হবে। আর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ সময়সহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।
