ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় একটি গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনের পার্কিং এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশেই নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির চালক দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, বেলা ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলগুলো ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছেন অনেকে।
এদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, তাঁদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। তাঁরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন এবং ফুটেজ দেখেছেন। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর তাঁরা পাননি। শিক্ষার্থীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হয়েছে এবং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
