বড়পুকুরিয়া কয়লাখনি
ভূগর্ভে বিষাক্ত গ্যাস পরিমাপ করতে গিয়ে চীনা শ্রমিক নিহত
মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ফাইল ছবি
পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে বিষাক্ত মিথেন গ্যাস পরিমাপ করতে গিয়ে দুর্ঘটনায় চীনা নাগরিক মি. চেং জিয়াওজুন (Mr. CHENG XIAOJUN) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
গত সোমবার (৯ নভেম্বর) রাতে বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে ১৩০৫ নম্বর কোল ফেইসে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত চীনা শ্রমিক মি. চেং জিয়াওজুন গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুইজন সহকর্মীকে (বাংলাদেশী শ্রমিক) সঙ্গে নিয়ে ভূগর্ভে মিথেন গ্যাস পরিমাপ করতে যান। একপর্যায়ে তিনি স্থানীয় দুই শ্রমিককে পৃথক স্থানে গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান।
পরবর্তী সময়ে সহকর্মীরা নির্ধারিত স্থানে তাঁকে খুঁজে না পেয়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে রেসকিউ টিম। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তাঁর মরদেহ রমেক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ শাহ আলম ও মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) প্রকৌশলী খান মোঃ জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান- চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম কর্তৃপক্ষ চীনে অবস্থিত তাদের নিজস্ব দপ্তর এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, খনি ভূ-গর্ভে নিয়মিতভাবে বিষাক্ত মিথেন গ্যাস পরিমাপ করা হয়ে থাকে।
