আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, লিখতে হবে ‘বিবি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
ফাইল ছবি
আফগানিস্তানে নারীদের ব্যক্তিগত পরিচয় মুছে ফেলার অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্র, হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও ব্যবস্থাপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। নামের পরিবর্তে নারীদের সবার ক্ষেত্রে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধান এবং স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বালখ প্রদেশের হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের প্রকৃত নাম লেখা কিংবা ধরে ডাকার পরিবর্তে ‘বিবি’ সম্বোধন করতে বলা হয়েছে। স্থানীয় সংস্কৃতিতে ‘বিবি’ শব্দটি নারীদের সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হলেও এর অর্থ বয়স্ক নারী বা দাদি-নানির মতো। ফলে সব বয়সী নারীর জন্য একই শব্দ ব্যবহারের এই নির্দেশনা তাদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে।
এদিকে আফগান নারী অধিকারকর্মীদের বক্তব্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও উল্লেখ করা হচ্ছে। তবে এসব শব্দ ব্যবহারের বিষয়টি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত; এগুলোকে আনুষ্ঠানিক নির্দেশনার অংশ হিসেবে নিশ্চিত করা যায়নি।
জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি মনে করেন, নারীদের নাম মুছে ফেলার এই প্রবণতা তাদের মানবিক পরিচয় ও স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করারই একটি প্রক্রিয়া। তার আশঙ্কা, চিকিৎসার ব্যবস্থাপত্র ও রোগীর নথিতে একই নামে অসংখ্য নারীকে চিহ্নিত করলে চিকিৎসাসেবায় বিভ্রান্তি ও গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হতে পারে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও সামাজিক অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা, নারীদের অধিকাংশ পেশায় কাজের সুযোগ বন্ধ করা এবং জনপরিসরে তাদের উপস্থিতি সীমিত করার মতো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেশটিতে নারী চিকিৎসক, নার্স ও ধাত্রী তৈরির পথ আরও সংকুচিত হয়েছে। নারী রোগীদের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধের অভিযোগ রয়েছে।
নারীদের নাম ও পরিচয় সংরক্ষণের অধিকার নিয়ে আফগানিস্তানে আগে থেকেই সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ছিল। অনেক ক্ষেত্রে বিয়ের আমন্ত্রণপত্র, পারিবারিক পরিচয় কিংবা সমাধিফলকেও নারীদের নিজস্ব নাম উল্লেখ করা হতো না। ২০১৭ সালে লালাহ ওসমানির উদ্যোগে ‘হোয়্যার ইজ মাই নেম’ নামে একটি প্রচারণা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালে সন্তানদের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলও ছড়িয়ে পড়তে পারে। অতীতেও স্থানীয় পর্যায়ে শুরু হওয়া কিছু বিধিনিষেধ পরবর্তী সময়ে দেশব্যাপী কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
বিশ্লেষকদের মতে, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকার সংকুচিত করার পাশাপাশি এবার তাদের ব্যক্তিগত নাম ও পরিচয়ের ওপর বিধিনিষেধ আরোপের অভিযোগ আফগান নারীদের মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
