জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসছে বড় পরিবর্তন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আকাশি-নীলরা। নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। দলের দুই তারকা এমিলিয়ানো মার্টিনেজ ও লিওনেল মেসিকে নিয়েও নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জর্ডানের বিপক্ষে মেসিকে সীমিত সময়ের জন্য মাঠে নামানোর কথা ভাবছেন স্কালোনি। তবে তিনি শুরু থেকেই খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। নকআউট পর্বের আগে মেসিকে পুরোপুরি ফিট রাখতে এবং অতিরিক্ত চাপ এড়াতে তাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে চায় টিম ম্যানেজমেন্ট।
তবে জর্ডানের বিপক্ষে মেসির মাঠে নামা প্রায় নিশ্চিত। চলমান বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি ডান হাতের অনামিকা আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যদিও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং জর্ডানের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত তার খেলার সিদ্ধান্ত নির্ভর করবে কোচিং স্টাফের মতামতের ওপর।
নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশেও আসতে পারে বড় পরিবর্তন। অনেক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। রক্ষণভাগে ফিরতে পারেন গঞ্জালো মন্তিয়েল। অস্ট্রিয়ার বিপক্ষে হালকা চোটের কারণে খেলতে পারেননি তিনি। নিকোলাস ওতামেন্দির সঙ্গে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনাকে।
বাঁ প্রান্তে খেলতে পারেন নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সুযোগ পেতে পারেন এজেকিয়েল পালাসিওস অথবা ভ্যালেন্তিন বারকো। উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসোকে, যা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের কোনো পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে লোপেজও। আর মেসি মাঠে না থাকলে তার জায়গায় দায়িত্ব পালন করতে পারেন নিকোলাস পাজ।
