‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম
ফাইল ছবি
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন। তবে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব— তা জানা নেই। এমনকি তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় হয়ে প্রতিবাদ জানালে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।
এ সময় বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান নুরুল হক নুর।
সরকারের বিরোধিতার ক্ষেত্রে বিরোধী দলকে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছেন, রাজপথেও তেমন ভূমিকা পালন করবেন বলে আশা করি।
তিনি আরও বলেন, ‘আমরা শুনছি, তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’
