×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ছবি: সংগৃহীত

প্রথম অধিবেশনেই বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নিয়েছে ইসরাইলের নতুন বিরোধী জোট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিলসহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে পার্লামেন্টে হাজির হয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ কমানোর পাশাপাশি নাগরিক অধিকার সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে এই তালিকায়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের বিভিন্ন দলের পক্ষ থেকে একাধিক আইন সংশোধন ও বাতিলের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার আইন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে।

পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাব বাতিলের উদ্যোগও নিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায় হারেদিদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

হামাসের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশনের প্রস্তাব

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ইসরাইলের বিরোধী দলগুলো। তবে নেতানিয়াহু এ ধরনের কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে।

অন্যদিকে, বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার সময় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় এড়াতেই তদন্ত কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

বিচার বিভাগ সংস্কারের আইন বাতিলের উদ্যোগ

বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাস হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব সংস্কার উদ্যোগকে কেন্দ্র করে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সংস্কারের সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকানো এবং সরকারের কার্যক্রমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এসব পরিবর্তন প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে। এ ছাড়া নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে।

এদিকে, ২০২৪ সালে ইসরাইলের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাস করা হয়েছিল।

নতুন পার্লামেন্টের প্রথম দিনেই এসব বিল জমা দেওয়ার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকারের বিতর্কিত নীতি ও আইন পরিবর্তনে বিরোধী জোটের অবস্থান স্পষ্ট হয়েছে। প্রস্তাবগুলো শেষ পর্যন্ত আইনে পরিণত হবে কি না, তা নির্ভর করবে পার্লামেন্টে জোটের সংখ্যাগরিষ্ঠতা ও রাজনৈতিক সমঝোতার ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

রাজধানীর যেসব এলাকায় বুধবার মার্কেট বন্ধ

রাজধানীর যেসব এলাকায় বুধবার মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App