ফিফা পাওয়ার র্যাংকিং
সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:০৮ পিএম
ফাইল ছবি
স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে নকআউট পর্বে তোলার পাশাপাশি ফিফা ব্যক্তিগত পারফরম্যান্স র্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। চলমান বিশ্বকাপে ফিফা অফিশিয়াল পাওয়ার র্যাংকিংয়ে সেরা আক্রমণাত্মক ফুটবলারদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আর ডিফেন্সে সেরা দশে জায়গা করে নিয়েছেনেআরেক ব্রাজিলিয়ান কাসেমিরো।
ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো এই নতুন ব্যক্তিগত রেটিং সিস্টেম চালু করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে (আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ) খেলোয়াড়দের প্রতিটি ম্যাচের অবজেক্টিভ ডাটা ও পরিসংখ্যান বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এই র্যাংকিং আপডেট করা হয়।
প্রথম রাউন্ড শেষে ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন তালিকার ৯ নম্বরে। তবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে আগুনে পারফরম্যান্সের পর ৫ ধাপ এগিয়ে তিনি এখন ৪ নম্বরে। তার বক্তিগত রেটিং রেটিং ৮.০১।
এই তালিকায় ৮.৪৫ রেটিং এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ৫টি গোল নিয়ে সবার শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন জার্মানির দেনিজ উন্দাভ। তার রেটিং ৮.৪২ এবং তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (৮.১৮)। ব্রাজিলের হয়ে ৩ গোল করা ম্যাথিউস কুনিয়া আছেন ১২ নম্বরে।
ডিফেন্স বা রক্ষণাত্মক পারফরম্যান্সের র্যাংকিংয়ে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৭.০৯ রেটিং নিয়ে উঠে এসেছেন ৬ষ্ঠ স্থানে। এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন বেলজিয়ামের ব্র্যান্ডন বেশিলে। তার রেটিং ৭.৫৮।
অন্যদিকে ক্রিয়েটিভিটি বা আক্রমণ তৈরির তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল অলিসে। তার রেটিং সর্বোচ্চ ৮.২১।
