৩৭ হাজার কোটি টাকার মহারণে মুখোমুখি ফ্রান্স-স্পেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি।
তবে মোট বাজারমূল্যে দুই দলের মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ফ্রান্স। ফরাসি দলের মোট বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আর স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই খেলছেন এই সেমিফাইনালে।
বর্তমানে প্রায় ২৩৪ মিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সের কিলিয়ান এমবাপের বাজারমূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার এবং মাইকেল অলিসের মূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। স্পেনের মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেসের বাজারমূল্যও প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে থাকা নরওয়ের আর্লিং হালান্ডের মূল্যও প্রায় ২৩৪ মিলিয়ন ডলার হলেও তার দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে।
আরো পড়ুন : সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড, জমে উঠেছে মহারণ
এ ছাড়া এই সেমিফাইনালে এমন আরো সাতজন ফুটবলার রয়েছেন, যাদের প্রত্যেকের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। দুই দলের ২২ জন খেলোয়াড়ের প্রত্যেকের বাজারমূল্য অন্তত ৫৮ মিলিয়ন ডলার। এর মধ্যে স্পেনের সাতজন এবং ফ্রান্সের ১৫ জন।
পজিশনভিত্তিক বাজারমূল্যের হিসাবেও দুই দলের মধ্যে পার্থক্য রয়েছে। ফ্রান্সের গোলরক্ষকদের সম্মিলিত মূল্য প্রায় ৬৭ মিলিয়ন ডলার হলেও স্পেনের তিন গোলরক্ষকের মোট বাজারমূল্য প্রায় ১১৪ মিলিয়ন ডলার।
রক্ষণভাগে ফ্রান্স এগিয়ে। ফরাসি ডিফেন্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩৭ মিলিয়ন ডলার।
অন্যদিকে মিডফিল্ডে এগিয়ে স্পেন। তাদের মিডফিল্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৯১ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের মিডফিল্ডের মূল্য প্রায় ৩৬৫ মিলিয়ন ডলার।
সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় আক্রমণভাগে। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ফুটবলার লামিন ইয়ামাল স্পেনের হয়ে খেললেও সম্মিলিত বাজারমূল্যে ফ্রান্সের ফরোয়ার্ড লাইন অনেক এগিয়ে। ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের মোট মূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার, যা স্পেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আক্রমণভাগের এই গভীরতাই দুই দলের বাজারমূল্যের ব্যবধান বাড়িয়েছে।
বাজারমূল্যে ফ্রান্স এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিত, প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৩৭ হাজার কোটি টাকার এই সেমিফাইনাল ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান লড়াই হিসেবে নতুন নজির গড়তে যাচ্ছে।
