মেসির শেষ ম্যাচের আগে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম
ফাইল ছবি
একদিকে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রস্তুতি, অন্যদিকে দলের ডাগআউটে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা— নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। জাতীয় দলের কোচ হিসেবে নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে এখনও সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি স্কালোনি। বরং তাঁর সাম্প্রতিক বক্তব্যে ভবিষ্যৎ নিয়ে সেই ধোঁয়াশাই আরও কিছুটা জোরালো হয়েছে।
২০১৮ সালে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। পরে স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর দলটিকে নিয়ে যান সাফল্যের অনন্য উচ্চতায়। তাঁর অধীনেই ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা।
স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ফেডারেশন তাঁকে ধরে রাখতে আগ্রহী হলেও এখনো চুক্তি নবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে বিশ্বকাপ-পরবর্তী সময়ে আলবিসেলেস্তেদের ডাগআউটে স্কালোনিকে দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আগামী আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর ৩ অক্টোবর বুয়েনস আইরেসে খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে। এরপর ৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব।
আরও পড়ুন: রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের
এর মধ্যেই মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা নতুন আবেগ তৈরি করেছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী উপস্থিতি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে তাঁকে বিদায় জানাতে বিশেষ আয়োজনও থাকছে।
এর আগে এশিয়ান চ্যানেল মিগু-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। ভবিষ্যতে তিনি কোচের দায়িত্বে থাকবেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই, লক্ষ্য হলো আমি থাকি বা না থাকি, এই পথেই এগিয়ে চলা। আমি এখানে আছি কি না—সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
তবে নিজের ভবিষ্যৎ নিশ্চিত না করলেও আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম নিয়ে তাঁর বক্তব্যে দলটির ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়ে স্কালোনি বলেন, ‘তারা সত্যিই এর যোগ্য। আগামী ম্যাচগুলোতে আমাদের উদ্দেশ্যই হলো তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধরনে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। এখন গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর একটি সময় শুরু হচ্ছে। যারা দরজায় কড়া নাড়ছে, তাদের ওপর আস্থা রাখার সময় এসেছে।’
আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘আমি সবসময় বলি, বয়স কোনো নির্ধারক বিষয় নয়। তারা এখানে থাকবে বা নতুনরা আসবে—সবকিছু নির্ভর করবে ক্লাবের হয়ে তাদের পারফরম্যান্স এবং আমরা মনে করি তারা এখানে থাকার যোগ্য কি না, তার ওপর।’
এর মধ্যেই মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও আবারও জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘২২ বা ২৩ বছর বয়সী মেসি ছিলেন একজন অনন্য ফুটবলার। আমাদের সঙ্গেও তিনি ভালো খেলেছেন, কিন্তু আমি তাকে তরুণ বয়সেই কোচিং করাতে চাইতাম। সে অনন্য ছিল, এখনও অনন্য। আমাদের সঙ্গে সে স্বাচ্ছন্দ্যবোধ করত। আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করেছি, যাতে সে এবং দলের অন্য সবাই স্বাচ্ছন্দ্যবোধ করে।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে এখন নতুন প্রজন্মকে ঘিরে দল পুনর্গঠনের চ্যালেঞ্জ। সেই নতুন অধ্যায়ে স্কালোনি থাকবেন কি না, সেটিই এখন আলবিসেলেস্তেদের সামনে অন্যতম বড় প্রশ্ন। আপাতত তাঁর বক্তব্যে ভবিষ্যতের দরজা পুরোপুরি খোলা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
