×

ফুটবল

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

ফাইল ছবি

ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক থেকে আর খুব বেশি দূরে নন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই ঐতিহাসিক গোলটি কোথায় করতে চান, সেটি নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা। রোনালদোর চাওয়া, জাতীয় দলের জার্সিতেই যেন আসে ক্যারিয়ারের হাজারতম গোল। তাঁর ভাষায়, এমন একটি মুহূর্ত হবে ক্যারিয়ারের ‘সুন্দর সমাপ্তির মতো’।

ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার পর্তুগাল ফুটবল সামিটে কথা বলেন রোনালদো। বর্তমানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল ৯৭৯টি। এর মধ্যে পর্তুগালের হয়ে করেছেন ১৪৬ গোল। অর্থাৎ এক হাজার ছুঁতে প্রয়োজন আরও ২১টি।

এক হাজার গোল নাকি আরেকটি নেশন্স লিগ শিরোপা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে একটিকে বেছে নেননি রোনালদো। তিনি বলেন, ‘লক্ষ্য দুটোই অর্জন করা, এক হাজার গোল করা এবং জাতীয় দলের হয়ে এই নেশন্স লিগ জেতার চেষ্টা করা।’

আর হাজারতম গোলটি কোন জার্সিতে করতে চান, সেই উত্তরও পরিষ্কার। রোনালদো বলেন, ‘জাতীয় দলের হয়ে এক হাজারতম গোল করা হবে দারুণ কিছুর পূর্ণতা, সুন্দর একটি গল্প। এটা শেষ নয়, তবে খুব সুন্দর একটি গল্প হবে।’

তবে এই মাইলফলক নিয়ে তিনি আচ্ছন্ন নন বলেও জানিয়েছেন। ‘আমি আগেই বলেছি, সেখানে পৌঁছাতে চাই এবং পৌঁছাবও। কিন্তু এটা কোনো মোহ নয়। বাকিটা হলো উপভোগ করা, প্রতিটি দিন উপভোগ করা,’ বলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও ভেবেছিলেন রোনালদো। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনার পর জাতীয় দলে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়েও অবস্থান পরিষ্কার করেছেন পর্তুগাল অধিনায়ক। তিনি বলেন, ‘তারা আমাকে চায়। আমিও বিশ্বাস করি, জাতীয় দলকে এখনো সাহায্য করতে পারি। কোচ যদি আমাকে না চান, আজই চলে যেতে পারি। যখন মনে হবে এখানে আমি কিছুই করছি না, মাঠে অবদান রাখতে পারছি না, গোল করছি না বা তারা আমাকে চায় না, তখন সবার আগে আমিই ব্যাগ গুছিয়ে নেব।’

জেসুসের অধীনে নতুন অধ্যায় শুরু করছে পর্তুগাল। বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে তার। আর রোনালদোর সামনে থাকবে দুটি লক্ষ্য, আরেকটি আন্তর্জাতিক শিরোপা এবং হাজার গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের আশা ইসি আনোয়ারুল ইসলামের

জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের আশা ইসি আনোয়ারুল ইসলামের

গাড়িচাপায় শ্রমিকের মৃত্যুতে ৯ লাখ টাকায় আপস

গাড়িচাপায় শ্রমিকের মৃত্যুতে ৯ লাখ টাকায় আপস

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App