বেরোবি
আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবির। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিলে শিবিরের নেতাকর্মীরা 'একটা একটা লীগ ধর,ধরে ধরে জেলে ভর; আপা আপা করিস না তোদের আপা আসবে না; এধরণের বিভিন্ন স্লোগান দেন।
এসময় ছাত্রশিবির সভাপতি রাকিব মুরাদ বলেন , ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে।দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছিল।সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আমরা সেই জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই প্রয়োজনে আবারও জীবন দেব। জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়েও সেই পতিত স্বৈরাচারকে আর দেশে ফিরে আসতে দেব না, দেব না, দেব না।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে খুনি হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এমনকি শিশুরাও প্রাণ হারিয়েছে। সেই খুনি হাসিনাকে আর এ দেশে ফিরে আসতে দেওয়া হবে না।কেউ যদি আবার বিভাজনের রাজনীতি শুরু করতে চায়, খুন ও নৈরাজ্যের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন,একটি দল বারবার বলেছে, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছে। তারা যদি সত্যিই ঐক্য চায়, বিভাজনের রাজনীতি না চায়, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে।
আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন নেতার বাসা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। আবার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, তাদের নেতাদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একদিকে ঐক্যের কথা বলবেন, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করবেন—এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
এছাড়া, গণভোটের রায় মেনে নিন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী নৈরাজ্য ও ফ্যাসিবাদী রাজনীতিকে রুখে দিতে সক্ষম হবে বলে দাবি করেন তিনি। এসময় বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান খান সৌরভসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
