৪৭ বছরের পুরোনো লোগো বদলাচ্ছে জামায়াতে ইসলামী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি
প্রায় ৪৭ বছর ধরে একই লোগোতে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবুজ গম্বুজ, দাঁড়িপাল্লা ও আরবি হরফের সেই চেনা প্রতীকে এবার আসছে পরিবর্তন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলীয় পরিচিতিতে আধুনিকতার ছোঁয়া দিতে নতুন লোগো তৈরির উদ্যোগ নিয়েছে দলটি। তবে এবার পরীক্ষামূলক নয়, সাংগঠনিক আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন নকশা।
দলটির সিনিয়র নেতারা বলছেন, বর্তমান লোগোটি দলীয় কোনো আনুষ্ঠানিক ফোরামে আলোচনা বা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়নি। মাঝখানে পরীক্ষামূলকভাবে একটি লোগো ব্যবহার করা হলেও, তা সবার কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে দল। তাই এবার সাংগঠনিকভাবে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন লোগো তৈরি করতে চায় জামায়াত।
লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় আমাদের বিভিন্ন উপকরণ ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনার সময় নির্বাচনের সময়সীমা এবং বিভিন্ন কাজের চাপের কারণে বিষয়টি নিয়ে আর এগোনো সম্ভব হয়নি। সবকিছু বিবেচনায় নিয়ে লোগো পরিবর্তনের বিষয়টি আপাতত মুলতবি রাখা হয়েছিল।’
এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যে লোগোটি দেখা গেছে, সেটার ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সভায়, কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছিল, সেটিও স্পষ্ট নয়। আরেকটি বিষয় হলো, লোগোটি খুবই সাধারণ ছিল। যদিও আমাদের বিভিন্ন প্রকাশনা ও প্রচারসামগ্রীতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা নতুন কিছু ধারণা নিয়ে আসার কথা ভাবলাম।’
নতুন লোগোর নকশায় গুরুত্ব পাবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, লাল-সবুজের রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্য।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘লোগোর নকশায় আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকবে। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল, সৌন্দর্য এবং আমাদের ধারণ করা ঐতিহ্যও এতে তুলে ধরা হবে।’
তবে লোগোর নকশার বিষয়ে দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘একদিকে আমাদের লোগো, অন্যদিকে আমাদের আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজ রং রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা লোগোর নকশায় এসব বিষয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।’ পরিবর্তনের ছোঁয়া শুধু লোগোতেই সীমাবদ্ধ থাকছে না; নতুন নকশায় তৈরি হবে দলীয় প্যাড ও পতাকাও।
তিনি আরও বলেন, ‘লোগো ও আমাদের প্যাডসহ সবকিছু আমরা নতুন করে নিয়ে আসব। দলীয় পতাকা নিয়েও আলোচনা ও পর্যালোচনা চলছে। সামনে যখন নতুন লোগো প্রকাশ করা হবে, তখন এর সঙ্গে দলীয় পতাকার একটি প্রস্তাবও উপস্থাপন করা হবে।’
লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে সাত সদস্যের একটি কমিটিকে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে করা হয়েছে কমিটির প্রধান।
সূত্র: স্টার নিউজ
