রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
ফাইল ছবি
ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যান ভবিষ্যতে অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে, ফুটবলে রোনালদোর অবদান, পেশাদারত্ব, দীর্ঘদিন ধরে পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা এবং পরিসংখ্যান তাকে সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে দিয়েছে।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন মার্তিনেজ। এরপর রোনালদোও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন আল নাসরের এই অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড দুটিই তার দখলে।
মঙ্গলবার আর্সেনাল ও বরুসিয়া ডর্টমুন্ডের ১-১ গোলের ড্র দেখতে মাঠে উপস্থিত ছিলেন মার্তিনেজ। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে কোচিং করানোর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
মার্তিনেজ বলেন, ‘আমার জন্য এটি ছিল আনন্দের। আমার ও আমার কোচিং স্টাফদের জন্য ৩৭টি ম্যাচে তার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা। আমার অধীনে ৩৭ ম্যাচে তিনি ২৮ গোল করেছেন। তিনি সম্ভবত পর্তুগালের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব। আমার মনে হয় না, পর্তুগালে আমরা আবার তার মতো উচ্চতার কোনো খেলোয়াড় দেখতে পাব।’
রোনালদোর আন্তর্জাতিক পরিসংখ্যান কেউ ছাড়িয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নে মার্তিনেজের উত্তর ছিল সরাসরি- তিনি তা মনে করেন না। তার মতে, রোনালদোর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা।
মার্তিনেজ বলেন, ‘আমার মনে হয় না, এটা সম্ভব। ক্রিশ্চিয়ানোর কাছ থেকে আপনি একটি বিষয় শিখতে পারবেন- তার মানসিকতা। তার লক্ষ্য কোনো কিছু জেতা ছিল না, ব্যালন ডি’অর জেতাও তার প্রেরণা ছিল না। তার প্রেরণা ছিল পরের দিন আরও ভালো হওয়া। ফুটবলের প্রতি তার নিবেদন অতুলনীয়। আর তার দীর্ঘ সময় ধরে খেলার সক্ষমতা সব মতামতের ঊর্ধ্বে।’
গত মাসে পর্তুগাল জাতীয় দল ছাড়ার আগে রোনালদোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। মার্তিনেজের উত্তরসূরি হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে বিরোধের পর জাতীয় দল ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর রোনালদোর বর্তমান সামর্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে এসব মতামতের চেয়ে রোনালদোর পরিসংখ্যানকেই বেশি গুরুত্ব দিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘গত কয়েক দিনে খেলোয়াড় হিসেবে তিনি এখন কেমন, তা নিয়ে অনেক ব্যক্তিনির্ভর মতামত এসেছে। কিন্তু যেটি ব্যক্তিনির্ভর নয়, তা হলো তার পরিসংখ্যান। খেলায় তার প্রভাবের কথা ভাবুন। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যিনি হয়তো লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফের পর্যায়ের। ক্রিশ্চিয়ানোর পরিসংখ্যানও সেই উচ্চতার খেলোয়াড়ের মতো।’
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এর তিন বছর পর প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগও জেতে দলটি। ২০২৫ সালেও নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। এছাড়া এবারের বিশ্বকাপে ছয়টি ভিন্ন আসরে গোল করা একমাত্র খেলোয়াড়ের কীর্তিও গড়েছেন রোনালদো।
মার্তিনেজের মতে, মাত্র এক কোটি জনসংখ্যার দেশ পর্তুগালের ফুটবলে রোনালদোর প্রভাব অসাধারণ। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তার উপস্থিতিতে পর্তুগাল টানা সাড়ে ২৩ মৌসুম কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়নি।
মার্তিনেজ বলেন, ‘পর্তুগালের জনসংখ্যা এক কোটি। ২০০৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলে আসার পর থেকে সাড়ে ২৩ মৌসুমে পর্তুগাল কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়নি। এর পেছনে তার অবদান, পেশাদারত্ব এবং পরিসংখ্যানের ভূমিকা রয়েছে। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচ- এটাই অনেক কিছু বলে দেয়।’
